
বাসাইলসংবাদ: বুধবার, ০৩জুলাই, ২০১৯:

নিউজ ডেস্ক : চলতি বিশ্বকাপে আরও একটি নজির গড়লেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবই প্রথম কোনো ক্রিকেটার যিনি বিশ্বকাপে ৫০০ রান করার পাশাপাশি ১০টি উইকেট নিয়েছেন।
৩২ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৯ বিশ্বকাপে এখনও পর্যন্ত ১১টি উইকেট নিয়েছেন। মঙ্গলবার এজবাস্টনে ভারতের বিরুদ্ধে ম্যাচে ৫০০ রান অতিক্রম করেছেন। চলতি টুর্নামেন্টে আর কোনও ক্রিকেটার ১০ উইকেটের পাশাপাশি ৪০০ রানও করতে পারেননি।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে চারটি হাফ সেঞ্চুরি ও দুইটি সেঞ্চুরির সাহায্যে ৫৪২ রান করেছেন সাকিব আল হাসান। সেরা ব্যাটসম্যানদের তালিকায় তিনি এখন দ্বিতীয় অবস্থানে আছেন। ৫৪৪ রান করে শীর্ষে আছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। বল হাতে সাকিব আল পর্যন্ত নিয়েছেন ১১টি উইকেট। এক ম্যাচে ৫ উইকেট শিকার করেন তিনি।
বিশ্বকাপে মঙ্গলবার ভারতের বিপক্ষে ২৮ রানে হেরে লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে সাকিব করেন ৬৬ রান। টুর্নামেন্টে টাইগারদের এখনো একটি ম্যাচ বাকি আছে। ৫ জুলাই মাশরাফি বিন মর্তুজাদের প্রতিপক্ষ পাকিস্তান।
বাসাইলসংবাদ/একেবি




