
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে দুই শিশু ভাই-বোনের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। তবে পরিবার বলছেÑ ঈঁদুরের বিষ বা অন্য কোনো কীটনাশক খেয়ে তাদের মৃত্যু হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে। তাদের মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকায় সন্দেহের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলো ওই গ্রামের শাহআলম মিয়ার ছেলে তাওহীদ মিয়া (৪) ও মেয়ে তানজিলা আক্তার (২)।
পরিবারের দাবিÑ বিকেলে পারিবারিককাজে শাহআলমের স্ত্রী ব্যস্ত ছিলেন। এমন সময় ঘরে থাকা ঈঁদুরের বিষ বা অন্য কোনো কীটনাশক খেয়ে ফেলে তাওহীদ ও তানজিলা। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে পেঁচারআটা বাজারে নিয়ে যায়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মারুফ বলেন, ‘মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়েছিল। মৃত অবস্থায় আনার কারণে প্রাথমিকভাবে বিষের কোনো নমুনা পাওয়া যায়নি। তবে পরিবারের লোকজন বলছিল- ঈঁদুরের বিষ খেয়ে তাদের মৃত্যু হয়েছে।’
রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুব উল হক মাছুদ বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। কোন ধরণের বিষ খেয়ে তাদের মৃত্যু হয়েছেÑ এটা কেউ বলতে পারছেন না। বিষয়টি নিয়ে সন্দেহ আছে। পুলিশও ঘটনাস্থলে এসেছে। পুলিশ লাশ থানায় নিয়ে যাবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ যানা যাবে।’
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘কোন ধরণের বিষ খেয়ে তারা মারা গেছেÑ এটা বলা যাচ্ছে না। পরিবারের কেউ বিষের নাম বলতে পারেনি। তবে বিষ খেয়েছে বলে শিশুদের হাসপাতালে নেওয়া হয়েছিল। আমরা লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্ত হবে। পরে বিস্তারিত যানা যাবে।’
বাসাইলসংবাদ, ১১ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




