
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর থেকে রিপা আক্তার (১৯) নামের এক নববধূর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সাত্তার বাইদ গ্রামের একটি পুকুর থেকে তার লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। টাঙ্গাইলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত রিপা আক্তার ওই গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

মো. সফিকুল ইসলাম বলেন, ‘এক গৃহবধূ পানিতে ডুবে নিখোঁজের খবর পেয়ে ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। পরে পুকুর থেকে তার লাশটি উদ্ধার করে নিহতের পরিবারের কাছ হস্তান্তর করা হয়।’
নিহতের বাবা ইসমাইল হোসেন বলেন, ‘রিপা ভোরের দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে দাঁড়িয়েছিল। পরে তাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে পুকুরে খোঁজার জন্য বলা হলে তারা সেখান থেকে লাশটি উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘রিপাকে গত তিন মাস আগে নেত্রকোণা জেলায় বিয়ে দেয়া হয়। রিপা মানসিকভাবে অসুস্থ থাকায় তার স্বামীকেও আমার বাড়িতে আনা হয়। তাদের দুজনের মাঝে কোনও প্রকার ঝামেলা দেখিনি।’
…বাসাইলসংবাদ/ ০৩ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




