
নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূর গোসলের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে টাকা দাবি করার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার চান্দুলিয়া ও কোট বহুরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুল হক এ তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের বরকত, একই গ্রামের সোলাইমান এবং কোট বহুরিয়া গ্রামের আব্দুল আলীম।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ওই তিন যুবক বেশ কিছুদিন আগে ওই গৃহবধূর নির্মাণাধীন বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করত। একদিন ওই গৃহবধূ বাথরুমে গোসল করতে গেলে ওই তিন যুবক গোপনে মোবাইলে গোসলের দৃশ্য ধারণ করে। পরে ফোন করে বিষয়টি জানিয়ে কয়েকটি স্টিল ছবি ওই গৃহবধূর মোবাইলে পাঠায় এবং মোটা অংকের টাকা দাবি করে। পরে এঘটনায় ওই গৃহবধূর পরিবার বাদি হয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে ওই তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে।
ওসি মো. সায়েদুল হক বলেন, ‘ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




