
নিজস্ব প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এলেঙ্গা পৌর এলাকার রৌহায় শিশুকে (১১) আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি পঞ্চম শ্রেণিতে পড়ে। এ ঘটনায় সোমবার রাতে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করলে কালিহাতী থানা পুলিশ মঙ্গলবার অভিযুক্ত নুরু মিয়ার ছেলে রিমনকে (২২) গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী রবিবার রাত সোয়া আটটার দিকে মায়ের কাছে বলে মোবাইলে টাকা উঠানোর উদ্দেশ্যে দোকানে যায়। এসময় রিমন তাকে জামা কিনে দেয়ার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করে। পরে ভোরে তাকে ছেড়ে দিলে সে বাড়িতে এসে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়।
কালিহাতী থানার সহকারী পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক বলেন, ‘ধর্ষণের ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন। একমাত্র আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘স্কুল ছাত্রীটির স্বাস্থ্য পরীক্ষা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে এবং আদালতে জবানবন্দি প্রদান করেছে।
…বাসাইলসংবাদ/ ১৭ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




