
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হালিম (৬৫) অ্যাডভোকেট করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩০ জুলাই) ভোরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযোদ্ধা আব্দুল হালিম প্রথম ধাপেই করোনার টিকা প্রহণ করেছিলেন।

জানা গেছে, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট গত ৩ জুলাই সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। পরবর্তিতে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ জুলাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন আগে নমুনা পরীক্ষায় তার স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নার্গিস আক্তারের নেগেটিভ আসে। আব্দুল হালিম অ্যাডভোকেট উপজেলা পরিষদের টানা দুইবারের চেয়ারম্যান। দীর্ঘ দিন তিনি ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি সাবেক জেলা বার সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন।
নিহত মুক্তিযোদ্ধা আব্দুল হালিম অ্যাডভোকেটের ব্যক্তিগত সহকারি কামরুল ইসলাম বলেন, ‘প্রথম ধাপেই তিনি করোনার টিকা নিয়েছিলেন। এরপরও তিনি করোনায় আক্রান্ত হন। পরে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
বাসাইলসংবাদ/ ৩০ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




