
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ঠিকাদারী প্রতিষ্ঠানের চুরি হওয়া বিপুল পরিমাণ রড-সিমেন্ট ওমর ফারুক নামের এক সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ব্রাক্ষণকুশিয়া এলাকা থেকে এসব রড-সিমেন্ট উদ্ধার করা হয়।

ওমর ফারুক ১নং ওয়ার্ড ব্রাক্ষণকুশিয়া এলাকার সাবেক ইউপি সদস্য। এছাড়াও তিনি গালা ইউনিয়ন বিএনপির সভাপতির দাঁয়িত্বও পালন করছেন।
স্থানীয় বর্তমান ইউপি সদস্য রকিবুর রহমান খান তন্ময় বলেন, ‘ব্রিজের কাজে আনা ঠিকাদারী প্রতিষ্ঠানের চুরি হওয়া বেশ কিছু রড ও সিমেন্ট সাবেক ইউপি সদস্য ওমর ফারুকের বাড়িতে পাওয়া গেছে। বিষয়টি দুঃখজনক। একজন ইউপি সদস্য হয়েছে যে চুরি করবে এটা জানা ছিল না।’
ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্ণধার মাদেজুর রহমান বলেন, ‘ ঘারিন্দা-ব্রাক্ষণকুশিয়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণের কাজ চলছে। প্রায় এক মাস আগে নির্মাণকাজের জন্য আনা প্রায় ৪টন রড চুরি হয়। এছাড়াও বেশ কিছু সিমেন্টের বস্তা চুরি হয়। একটি মাধ্যমে জানতে পারি, সাবেক ইউপি সদস্য ওমর ফারুকের বাড়িতে রড ও সিমেন্ট রয়েছে। পরে সেখানে বর্তমান ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে তার ঘরসহ ঘরের আশপাশ থেকে এসব রড ও সিমেন্ট উদ্ধার করা হয়। আমরা তার বাড়িতে যাওয়ার আগেই মেম্বার পালিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মেম্বারের বাড়িতে চুরির মালামাল পাওয়ার খবরে স্থানীয় লোকজন গিয়ে ভিড় জমান। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
অভিযুক্ত ওরম ফারুকের স্ত্রী শেফালী বেগম বলেন, ‘আমি কিছু জানি না। আপনারা আমার স্বামীর সঙ্গে যোগাযোগ করুন।’
অভিযুক্ত ওমর ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ‘সাবেক মেম্বারের এমন চুরি করা ঠিক হয়নি। তিনি আমাদের সম্মান ক্ষুণ্ন করেছেন। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
বাসাইলসংবাদ/ ০৮ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




