
বাসাইল সংবাদ : শনিবার, ২৪ জুন, ২০১৭:

॥ এনায়েত করিম বিজয় ॥
টাকার অভাবে বন্ধ হয়ে যেতে পারে বাসাইলের তমা আক্তারের চিকিৎসা। এমন আশঙ্কাতেই রয়েছে তার পরিবার। সংবাদমাধ্যমে তমার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর অনেকে আর্থিক সহযোগিতা করেছেন। গত ২২ জুন টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার অসুস্থ তমার চিকিৎসার জন্য ৫ হাজার টাকা দেন। নির্বাহী অফিসারের এ উৎসাহে ওইদিনই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার সাখাওয়াত হোসেন ও কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক ৫ হাজার করে ১০ হাজার টাকা দেন। ওইদিনই নির্বাহী অফিসার তমাকে ঈদের উপহার হিসেবে থ্রী-পিছ ও তমার মা’কে কাপড় দেন। এর আগে উপজেলা প্রশাসনের একটি অনুষ্ঠানে তমার চিকিৎসার জন্য উপস্থিত ব্যক্তিদের কাছে থেকে প্রায় ৩৪ হাজার টাকা উঠিয়ে দেন নির্বাহী অফিসার। গত ২২ মার্চ তমাকে ডাক্তার দেখানোর জন্য ঢাকা নেয়ার ব্যবস্থাও করেন তিনি।

অনলাইন নিউজ পোর্টাল বাসাইল সংবাদ ২৪ ডটকমে তমার অসুস্থতার সংবাদ পড়ে গ্রিস থেকে কয়েকজন বন্ধরা মিলে ৩০ হাজার টাকাসহ দেশ-বিদেশ থেকে তমার চিকিৎসার জন্য প্রায় ১ লাখ টাকা পাঠিয়েছেন।
তমার মা শারমিন বেগম জানান, সংবাদমাধ্যমে তমার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর অনেকে আর্থিক সহযোগিতা করেছেন। এতে প্রায় ১ লাখ টাকা পেয়েছি। এছাড়া নিজেদের কাছেও কিছু টাকা ছিল। তা দিয়ে এতদিন চিকিৎসা করিয়েছেন। গত ২২ জুন উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার তমার চিকিৎসার জন্য ৫ হাজার ও তমাকে একটি থ্রী-পিছ এবং আমাকে একটি কাপড়সহ ৪৫ হাজার টাকা দিয়েছেন। এখন আমাদের হাতে ৩০ হাজার টাকার মতো রয়েছে। তিনি আরো বলেন, ডাক্তাররা জানিয়েছে তমার চিকিৎসার জন্য প্রায় আরো দুই লাখ টাকা লাগবে।
তিনি ভাবছেন হয়তো আর তার মেয়ের চিকিৎসা করানো হবে না। তা ছাড়া সামনে ঈদ। ছেলে-মেয়েদের নতুন পোশাক কিনে দেওয়ারও সামর্থ তাদের নেই। এই মুহূর্তে কী করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তমার মা।

ইতোমধ্যে তমা আক্তারের মুখে দুই দফা অস্ত্রোপচার করা হয়েছে। তমা আক্তারের মুখের বাম পাশে বিশাল আকৃতির মাংসপিন্ড নিয়ে গত ২৪ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ড. ইকবাল মাহমুদ চৌধুরীর অধীনে ভর্তি হন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডির মাধ্যমে ওই চিকিৎসক তমার পরিবারের আর্থিক অস্বচ্ছলতার বিষয়ে জানতে পেরে তমাকে ফ্রি বেডের ব্যবস্থা করে দেন। ফলে অস্ত্রোপচারে বা থাকায় কোনো টাকা লাগছে না।
অপারেশন সংশ্লিষ্ট খরচ এবং ওষুধ নিজেদের কিনতে হচ্ছে। আর এই রোগের ওষুধ-ইনজেকশন খুবই ব্যয়বহুল।
ড. ইকবাল মাহমুদ চৌধুরী বলেন, ‘তমার মুখে দুই দফায় অস্ত্রোপচার করা হয়েছে। ঈদের আগে তাকে ছুটি দেয়া হয়েছে। আবার ঈদের ৪/৫ দিন পরে ভর্তি করা হবে। তারপর আবার মুখে অস্ত্রোপচার করা হবে। এভাবে আরো বেশ কয়েকবার অস্ত্রোপচার করতে হবে।’ তমা ভাসকুলার ম্যালফরমেশন রোগে আক্রান্ত। এটা রক্তনালী টিউমার হিসেবে পরিচিত। দীর্ঘমেয়াদি চিকিৎসায় এ রোগ নিরাময় সম্ভব।
তমা আক্তার টাঙ্গাইলের বাসাইল উপজেলার যশিহাটি পশ্চিমপাড়া গ্রামের দরিদ্র কৃষক আতাহার আলী ও শারমিন বেগম দম্পতির মেয়ে। পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট তমা। তমার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দিতে অক্ষম তার বাবা-মা।
তমার চিকিৎসার জন্য বিত্তবান ব্যক্তিদের কাছে অর্থ সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা। তমার বাবার বিকাশ নম্বর- ০১৭৪৭-২৪৪৯০৬। এ ছাড়া ব্যাংকের মাধ্যমে অর্থ সাহায্য করা যাবে- শারমিন আক্তার, অ্যাকাউন্ট নম্বর- ৩৪০২০৩৪৩, অগ্রণী ব্যাংক লিমিটেড, আইসড়া ব্রাঞ্চ, বাসাইল, টাঙ্গাইল।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




