
বাসাইলসংবাদ: শনিবার, ০৫ জানুয়ারি, ২০১৯:

বাসাইলসংবাদ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের আগাম পূর্বাভাসে হতাশা ব্যক্ত করেছিলেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
কেননা সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নির্বাচনের বলেছিলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং আওয়ামী লীগকে জনগণ গলা ধাক্কা দিয়ে বিদায় করে দিবে।’ কিন্তু ভোটের চিত্রে দেখা গেছে বিপুল পরিমাণ জনসমর্থনে আওয়ামী লীগের জয় প্রায় সুনিশ্চিত। আর জয়ের ব্যাপারে নিশ্চিত হওয়ায় এসকে সিনহার হতাশা পুরোদমে সত্যি হচ্ছে।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে এসেছে, বিচারপতি সিনহার বিষণ্ণতা ও হতাশা ততই বেড়েছে। পুরোদমে হতাশা প্রকাশ করে তিনি বলেছেন, এই নির্বাচনে তিনি বিএনপিকে জেতাতে ব্যর্থ হলেন। তিনি যতটা না বিএনপির উপরে ক্ষুদ্ধ হয়েছেন, তারও বেশি ক্ষুদ্ধ হয়েছেন ড. কামাল হোসেনের উপর। ড. কামাল হোসেন যার সঙ্গে যান তাকেই তিনি ডোবান।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসও শেষ হয়েছেন ড. কামাল হোসেনের পাল্লায় পড়ে। আমি ড. কামালের পাল্লায় পড়েই প্রধান বিচারপতির পদ হারিয়েছি। এখন বিএনপিও ড. কামালের পাল্লায় পড়ে নির্বাচনে হারছে। তিনি সরকারের সঙ্গে গোপনে আঁতাত করে বিএনপিকে হারানোর জন্যেই নির্বাচন অংশগ্রহণ করিয়েছে।
দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক এই বিচারপতি মনে করেন, নির্বাচনের যে কৌশল, সেই কৌশলে বিএনপিকে আওয়ামী লীগ পরাজিত করছে। এর ফলে তার আর দেশে ফেরার সম্ভাবনা নাই এবং দীর্ঘদিন তাকে যুক্তরাষ্ট্রেই থাকতে হবে বলেও মনে করছেন সাবেক এই প্রধান বিচারপতি।
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ২০১৫ সালের ১৭ জানুয়ারি ২১তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। গত বছরের ২ অক্টোবর `অসুস্থতাজনিত` কারণে ৩ মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি। এরপর তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ১৩ অক্টোবর ঢাকা ছাড়েন।
যাওয়ার আগে তিনি বলেছিলেন, তিনি পালিয়ে যাচ্ছেন না। সাময়িকভাবে যাচ্ছেন। আবার ফিরে আসবেন। এরপর ১০ নভেম্বর তিনি সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে পদত্যাগপত্র জমা দেন।
সম্প্রতি সুরেন্দ্র কুমার সিনহা নির্বাচনের আগে সরকারকে বেকায়দায় ফেলেতে ‘আ ব্রোকেন ড্রিম’ নামে একটি বই লিখেছেন। এই বইটি প্রকাশের পিছনে যুদ্ধাপরাধী এবং জঙ্গিদের অর্থায়ন ছিল বলে অভিযোগ রয়েছে। তবে সুরেন্দ্র কুমার সিনহার লেখা এই বইটি তেমন কোন আলোচনা এবং সমালোচনার ঝড় তুলতে ব্যর্থ হয়। বর্তমানে সাবেক এই বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নিউইয়র্কে বসবাস করছেন।
সূত্র- বাংলানিউজ পোস্ট
বাসাইলসংবাদ/একে




