
ক্রীড়া ডেস্ক : সামর্থ্যের বাইরে গিয়ে সব সময়ই ভিন্ন কিছু করার চেষ্টা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই চেষ্টায় কখনো সফল হয়েছেন। কখনো ব্যর্থ। কিন্তু যখন সফল হয়েছেন তখন ফুটবল বিশ্ব অবাক হয়েছে তার কীর্তিতে। মুগ্ধ হয়ে দেখেছে তার অর্জন। গত সপ্তাহে তেমন কিছু করে দেখিয়েছেন সিআর সেভেন। ২.৫৬ মিটার লাফিয়ে হেডে গোল করেন রোনালদো। জুভেন্টাসের জার্সিতে তার করা এই গোলে বুদ হয়ে আছে ফুটবল বিশ্ব। কিভাবে সম্ভব?

রোনালদোর গোলের পরপরই গোলডটকম ফেসবুকে ছবি পোস্ট করেলিখেছে,‘রোনালদো পাখি নাকি উড়োজাহাজ!’ ডেইলি মেইল তার প্রতিটি মুভমেন্ট আলাদা আলাদা বিশ্লেষণ করে লিখেছে,‘কতোটা পরিশ্রম করলে এভাবে লাফ দেওয়া যায় তা রোনালদো করে দেখিয়েছেন। মনে হচ্ছে প্রতিদিন এভাবেই লাফাতে থাকেন। ’ তাদের দাবি দৌড়ে এমন লাফ দেওয়া এবং নিখুঁত হেডে গোল করার সামর্থ্য কেবল রোনালদোরই রয়েছে।
সিআর সেভেনের এমন অবিশ্বাস্য হেডে অবাক অনেকেই। বলার অপেক্ষা রাখে না রোমাঞ্চ ছুঁয়ে গেছে রোনালদোরও। কিন্তু ২.৫৬ মিটার লাফ দেওয়াকে তার নিজের কাছেও অবিশ্বাস্য লাগছে। স্কাই ইটালিয়াকে রোনালদো বলেছেন,‘সত্যিই কি আমি ২.৫৬ মিটার লাফিয়েছি। আমার বিশ্বাস হচ্ছে না! আমি ম্যাচের ফলাফলে খুশি। কঠিন ম্যাচ ছিল। সাম্পদোরিয়া ভালো খেলেছে। দলটির কাঠামো দারুণ। আমার গোলটি ভালো ছিল এবং আমি খুশি যে আমার গোলের কারণে দল জিতেছে এবং আমরা পূর্ণ তিন পয়েন্ট পেয়েছি।’
রোনালদোর এমন লাফের পর গবেষণা হচ্ছে, এর আগে এতো বড় লাফ টার্ফে কে দিয়েছে? ইংলিশ গণমাধ্যম বলছে, বাস্কেটবল খেলোয়াড়দের গড় লাফ ৬০ থেকে ৭০ সেন্টিমিটার হয়ে থাকে। তবে কিংবদন্তি মাইকেল জরদান আড়াআড়িভাবে একবার ১১৬.৮ সেন্টিমিটার লাফ দিয়েছিলেন। বলা হচ্ছে সেটাই ক্রীড়াঙ্গানে সবথেকে বড় লাফের ঘটনা।
…বাসাইলসংবাদ/একেবি




