
বাসাইলসংবাদ: সোমবার, ০২ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে বাংলাদেশ দিবস ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাওসার। গত বুধবার রাতে ওয়াশিংটন ডিসির মেয়রের প্রতিনিধি যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের কাছে এই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
পরে বাংলাদেশ দূতাবাস থেকে এক বিবৃতিতে বলা হয়, এই দিনে দেশ স্বাধীন করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বাংলাদেশের মানুষ।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ইতোমধ্যে বাংলাদেশকে গণতান্ত্রিক, সহনশীল, বহুত্ববাদী এবং মধ্যপন্থি জাতির দেশ হিসেবে বিশ্বের কাছে উদাহরণ হিসেবে উল্লেখ করে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে দেশটি বেশ গুরুত্বের সঙ্গেই দেখে। বাংলাদেশি দূতাবাস এবং দেশটির মানুষের অবদানের কথা উল্লেখ করে ওয়াশিংটনের মেয়র তাদের স্বাগত জানান। একই সঙ্গে এই বিশেষ দিনটিকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেন, যা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য সম্মানজনক ও গৌরবময়।
বাসাইলসংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




