
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আদাবাড়ি এতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাসাইল উপজেলার ভৈরপাড়া হা-ডু-ডু দল ৩-০ গেমে সোনারচর সবুজ সংঘ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রথম বারের মতো আয়োজিত এই প্রতিযোগীতায় মোট ৪ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শকের আগমন ঘটে। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের মাঝে ২৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন ও রানার্সআপ দলের মাঝে ১৯ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন তুলে দেন। ফাইনাল খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন ভৈরপাড়া দলের খেলোয়ার তুহিন মিয়া। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন এস এম জমিরুজ্জামান ও সহকারী রেফারী হিসেবে ছিলেন শওকত আলী।
মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা মিয়া, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন-অর রশিদ খানন, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ।
বাসাইলসংবাদ/ ১১ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




