
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
সোমবার (১৬ অক্টোবর) রাতে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাসাইলসংবাদ টুয়েন্টিফোর ডটকম এ ’ বাসাইলে নাম পরিচয়হীন এক শিশু পাওয়া গেছে’ এ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। পরে রাত ১১টার দিকে সোনালিয়া গ্রামের লিটন নামের এক যুবক বাসাইলসংবাদ এর সম্পাদক এনায়েত করিম বিজয়কে ফোনে শিশুটির পরিচয় দিয়ে কয়েকটি ছবি পাঠায়। ছবিটি ওই শিশুর সাথে মিল দেখে ওই রাতেই উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্নাকে ফোনে বিষয়টি অবহিত করেন বাসাইলসংবাদ এর সম্পাদক। সোমবার রাতেই বাসাইল থানায় জিডি করে উপজেলা সমাজসেবা অফিসার টাঙ্গাইল সরকারি শিশু পরিবারে শিশুটিকে পাঠিয়ে দেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালেই শিশুটিকে আদালতে নেয়ার কথা ছিল। পরে নির্বাহী কর্মকর্তা ওই রাতেই টাঙ্গাইল সরকারি শিশু পরিবার কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন অর রশিদ, টাঙ্গাইল সরকারি শিশু পরিবারের উপ-তত্তাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোবারক হোসেন, বাসাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, টাঙ্গাইল পৌর সভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান আলিম, বাসাইলসংবাদ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক এনায়েত করিম বিজয় প্রমুখ।
শিশুটির নাম রতন মিয়া (৮)। সে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পূর্বপাড়ার বেল্লাল হোসেনের ছেলে। সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী বাজারে শিশুটির কান্না করতে দেখে স্থানীয়রা তাকে ইউপি চেয়ারম্যান মির্জা রাজিকের কাছে নিয়ে যায়। পরে তিনি শিশুটিকে উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্নার কার্যালয়ে পাঠিয়ে দেন।

নির্বাহী অফিসার শিশুটির নাম পরিচয় জানতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ওইদিন রাতেই উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে তাকে টাঙ্গাইল সরকারি শিশু পরিবারে পাঠানো হয়।
শিশুটির বাবা বেল্লাল হোসেন বলেন, রতন বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় আমরা সব সময় তাকে চোখে চোখে রাখি। যাতে কোথাও না হারিয়ে যায়। হঠাৎ করে সোমবার দুপুরে বাড়ি থেকে কোথায় যেন চলে যায়। পরে অনেক খোঁজাখুজির পর মঙ্গলবার ভোরে পাশের এলাকার এক যুবক পত্রিকায় দেখে আমাদের খবর দেয়। পত্রিকার সূত্র ধরেই আমরা আমাদের সন্তানটিকে ফিরে পেলাম। তিনি তার সন্তান পেয়ে আনন্দিত। তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




