
বাসাইলসংবাদ: রবিবার, ২৩জুন, ২০১৯:

॥ জোবায়ের হোসেন ॥ সম্পূর্ণ সিএফসি গাস বিহীন এসি-ফ্রিজ উদ্ভাবন করে আলোড়ন সৃষ্টি করেছে টাঙ্গাইলের মির্জাপুরের শরীফুল ইসলাম শরীফ (২৪)। টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ থেকে গণিত বিষয়ে অনার্স সম্পন্ন করা শরীফ উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের সুরত আলীর ছেলে। স্পার্ক নামের একটি প্রতিষ্ঠানে আইডিয়া সাবিমটের একটি আয়োজনে অংশগ্রহণ করার পর ২০১৬ থেকে এটি উদ্ভাবন করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। সর্বশেষ গত বছরের মার্চ মাসে তিনি এই উদ্ভাবন সম্পন্ন করতে সক্ষম হন।
তার এই উদ্ভাবন সকলের কাছে তুলে ধরতে স্থানীয় সাংসদ আলহাজ একাব্বর হোসেন ও গণ্যমান্যদের নিয়ে সম্প্রতি মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
শরীফুল ইসলাম শরীফ জানায়, সাধারণত ফ্রিজ কিংবা এসি তৈরিতে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক সিএফসি গ্যাস অত্যাবশ্যকীয়। কিন্তু তাঁর উদ্ভাবিত পদ্ধতিতে সম্পূর্ণরূপে সিএফসি গ্যাসের ব্যবহার ছাড়াই এসি ও ফ্রিজ উৎপাদন করা সম্ভব। এছাড়া গ্যাসবিহীন এই পদ্ধতিতে ৯২% বিদ্যুৎ সাশ্রয় হওয়া ছাড়াও এটি পরিবেশ বান্ধব ও সম্পুর্ণ দূষণ মুক্ত হবে বলে দাবি করেন তিনি। তার উদ্ভাবিত এসি-ফ্রিজ সৌর বিদ্যুতের মাধ্যমেও চলবে বলে জানান তিনি। তার দাবি অন্যান্য এসি-ফ্রিজে ২২০ ভোল্ট বিদ্যুৎ শক্তি লাগলেও তার উদ্ভাধিত এসি-ফ্রিজ মাত্র ১২ ভোল্ট বিদ্যুতেই চলবে।
রাষ্ট্রের দৃষ্টি আকর্ষন করে শরীফ বলেন, আমার বাবা একজন কৃষক। টানাপোড়েনের সংসারে আমার গবেষণার ব্যয় বহন করতে অনেক কষ্ট হয়েছে। আমি চাই রাষ্ট্র আমার এই উদ্ভাবন দেশের কল্যাণে নিয়োজিত করুক। রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা করে ভবিষ্যতে আমি আরও ভাল কিছু উপহার দিতে পারবো। তার এই উদ্ভাবন নিয়ে দেশের স্বনামধন্য “ওয়ালটন” কোম্পানির সাথে কথা হলেও চুক্তি জটিলতায় সেই আলোচনা আলোর মুখ দেখেনি বলেও জানান তিনি। জ্বালানিবিহীন ইঞ্জিন তৈরি নিয়েও কাজ শুরু করেছেন বলেও তিনি জানান।
শরীফুলের বাবা সুরত আলী বলেন, প্রবাসী বড় ছেলের টাকায় শরীফ এতোদিন এইগুলা করছে। আমিও শরীফের এই কাছে যতটা পারছি সহযোগিতা করছি, তবে দেশ যদি শরীফের পাশে দাঁড়ায় ও আরও ভাল কিছু করতে পারবে।
বাসাইলসংবাদ/একেবি





