
বাসাইলসংবাদ: সোমবার, ১৫ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধা, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার ২৭ দিন পর রবিবার রাত ১২টার দিকে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুন সকালে আতাউর রহমান গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে সখীপুরে যাচ্ছিলেন। তিনি ঢাকা-সখীপুর সড়কের প্রতিমাবংকী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
আতাউর রহমানের মৃত্যুতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক গভীর শোক প্রকাশ করেছেন।
বাসাইলসংবাদ/একেবি




