
বাসাইলসংবাদ: বুধবার, ১০জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের সখীপুরে সিঁধকেটে ঘরে ঢুকে সমেলা ভানু (৫৭) নামের এক বিধবাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯জুলাই) দিবাগত রাতে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের আমড়াতৈল এলাকায় এ ঘটনা ঘটে। সখীপুর থানার ওসি আমির হোসেন এতথ্যটি নিশ্চিত করেছেন। নিহত সমেলা ওই গ্রামের মৃত বাবর আলীর স্ত্রী।
এঘটনায় বুধবার (১০ জুলাই) দুপুরে নিহতের ছেলে হোসেন আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেছেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত বাউল বলেন, স্বামী মারা যাওয়ার পর থেকে একটি টিনের ঘরে বেড়া দিয়ে একপাশে ওই বিধবা ও অন্যপাশে স্ত্রীকে নিয়ে থাকতো ছেলে হোসেন আলী। দুর্বৃত্তরা মঙ্গলবার গভীর রাতে সিঁধকেটে বিধবার ঘরে ঢুকে শ্বাসরোধ করে হত্যা করে। এসময় দুর্বৃত্তরা ওই বিধবার গলায় থাকা স্বর্ণের চেইন, পাঁচ হাজার টাকা ও সিএনজিচালিত একটি অটোরিকশার চাবি নিয়ে যায়।
ওসি আমির হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।’
বাসাইলসংবাদ/একেবি




