
নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ দুই প্রতিবন্ধী শিশুপুত্রকে নিয়ে প্রতিবন্ধী বাবা শাহীন মিয়া মানবেতর জীবনযাপন করছেন। তাদের বাড়ি টাঙ্গাইলের সখীপুরের কচুয়া গ্রামে। সাত ও ১০ বছর বয়সী প্রতিবন্ধী ওই দুই পুত্র সন্তান (বাকপ্রতিবন্ধী) একজনও কথা বলতে পারে না। বাবা শাহীন মিয়ার দুটি পা দেহের তুলনায় অত্যন্ত চিকন হয়ে গেছে।

এদিকে প্রতিবন্ধী স্বামী এবং দুই প্রতিবন্ধী পুত্রের খাবার জোগাতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন শাহীন মিয়ার স্ত্রী শাহনাজ বেগম। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে কোনো মতে সংসার চালাচ্ছেন। সংসারের ঘানি টানতে টানতে তিনিও নানান অসুখে ভোগেন।
শাহীন মিয়া জানান, তার দুই প্রতিবন্ধী সন্তান সিয়াতের বয়স এখন সাত ও ইসমাইলের বয়স ১০ বছর হয়েছে। তার দুটি পা দেহের তুলনায় অত্যন্ত চিকন হয়ে গেছে। কাজ কর্ম তো দূরের কথা তার হাটাচলাও এখন দুষ্কর হয়ে পড়েছে। তিনি নিদারুণ কষ্টে রয়েছেন। তার স্ত্রীর ওপর¦ই এখন সংসারের পুরো দায়িত্ব পড়েছে। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ না করলে পরিবারের সবাই অনাহারে থাকবে!
তিনি এবং দুই প্রতিবন্ধীপুত্রের কেউই প্রতিবন্ধী ভাতা পাননা। তিনি বারবার স্থানীয় জনপ্রতিনিধির দ্বারস্থ হয়েও কোনো সুফল পাননি বলে জানান।
সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, একই পরিবারের তিনজনকে নিয়ম অনুযায়ী ভাতা পাওয়ার ব্যবস্থা করা হবে।




