
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের দুই ছাত্রীকে রডদিয়ে পিটানোর ঘটনায় ৫বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কঠোর শাস্তির দাবিতে ওই কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে স্থানীয় মোখতার ফোয়ারা চত্ত্বরে মানববন্ধন ও লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের সখীপুর আবাসিক মহিলা কলেজের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ছাত্রী নিবাসের দুই ছাত্রী অটোভ্যানযোগে সখীপুরে বাজারে যাওয়ার পথে রফিকরাজু ক্যাডেট স্কুলের সামনে পৌছালে মুখোশপড়া তিন বখাটে পূর্বপরিকল্পিতভাবে তাদের গতিরোধ করে। পরে ভ্যান থেকে তাদের জোরপূর্বক নামিয়ে রড দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে ওই দুই ছাত্রী মাটিতে লুটিয়ে পড়লেও বখাটেরা তাদের পেটাতে থাকে। তাদের চিৎকারে স্থানীয় ফাহাদ ট্রেডার্সের মালিক আলী হোসেন তালুকদার এগিয়ে গেলে বখাটেরা তাকেও মারপিট করে। এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।

৫ বখাটে
আহতরা হলেন, সখীপুর আবাসিক মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগ স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের তাসলিমা সুলতানা স্বর্ণা এবং বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের সুষ্মিতা। স্বর্ণা ভালুকা উপজেলার পাচগাঁও গ্রামের আবদুল হালিমের মেয়ে এবং সুষ্মিতার বাড়ি একই উপজেলার ডাকাতিয়া গ্রামে।
এঘটনায় পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের মৃত হজরত আলীর ছেলে মনোয়ার হোসেন অন্তর, ১নং ওয়ার্ডের লিয়াকত আলীর ছেলে সাকিব আল হাসান, ৪নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে সিয়াম হোসেন, ১নং ওয়ার্ডের সোহেলের ছেলে কাব্য এবং উপজেলার আড়াইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান আগুনকে বুধবার (২০ ডিসেম্বর) রাতে আটক করে সখীপুর থানা পুলিশ।

আহত আলী হোসেন জানান, হঠাৎ দুই ছাত্রীকে পেটাতে দেখে আমি দৌড়ে এগিয়ে যাই। এ সময় বখাটেরা আমাকেও রড দিয়ে পেটায়।
সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান বলেন, এ এঘটনায় বুধবার রাতেই থানায় মামলা করা হয়েছে এবং পাঁচ বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আহমেদ রীনা বলেন, গুরুতর আহত একজনের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, হামলার ঘটনায় জড়িত ৫ যুবককে বুধবার রাতে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




