
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৯:

জোবায়ের হোসেন ॥ টাঙ্গাইলের মির্জাপুরে ওমর ফারুক (৩৭) নামের এক মাদকসেবীকে ১৫ দিনের কারাদন্ড দেওয়ার পর কারাভোগ শেষে বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) সেই মাদক সেবীকে ৪০ দিনের তাবলীগ জামায়াতে পাঠিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক। এরআগে গত ১৯ আগস্ট ওমর ফারুক নামের ওই মাদকসেবী নিজেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হকের কাছে এসে নিজেকে সংশোধনের জন্য ১ মাসের সাজা প্রত্যাশা করেন। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের সাজা প্রদান করে তার ভাল হওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সুস্থ জীবনের প্রত্যাশী ওমর ফারুকের সাথে কথা বলে জানা যায়, উপজেলার পৌর সদরের শ্রী হরি পাড়া গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে তিনি। প্রায় ১২ বছর যাবৎ নেশায় আসক্ত। এক সময় পিকআপ চালক ছিলেন। নিজের একটি গাড়িও ছিলো। নিজের আয় দিয়ে ১৮ শতাংশ জায়গাও কিনেছিলেন তিনি। কিন্তু খারাপ সঙ্গে পড়ে প্রথমে গাঁজা ও পরবর্তীতে হেরোইনের নেশায় আসক্ত হয়ে পড়েন ওমর। নেশার টাকার জন্য প্রথমে গাড়ি ও পরবর্তীতে ক্রয়কৃত জায়গায়ও বিক্রি করে দেন। বিবাহিত জীবনে এক ছেলে সন্তানের জনক তিনি। ওমর পরিবারের খবর না রাখায় এসএসসি পাস করা ছেলে কবির হোসেন কলেজে ভর্তি না হয়ে বর্তমানে ব্যবসা করছেন আর স্ত্রী কাজ করছেন একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) . মঈনুল হক
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটা নির্মূলে শুধু শাস্তি নয় মেনটাল মোটিভেশনটা বেশি জরুরি। আমি সবসময় চেষ্টা করি প্রকৃত অর্থে মাদকসেবীদের মাদক থেকে ফেরাতে।
বাসাইলসংবাদ/একেবি




