
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহল এখন সরগরম হয়েছে। এবার ক্ষমতাসীন দল থেকে মেয়র পদে কে লড়াইয়ের জন্য মনোনয়ন পাচ্ছেন এ নিয়ে বিভিন্ন মহলে চলছে জল্পনা-কল্পনা। নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের আগামী ০৬/০৪/২০১৮ ইং তারিখের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করে যথাযথভাবে মনোনয়নপত্রটি পূরণ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউসের নিকট জমা দেওয়ার জন্য বলা হয়েছে। বুধবার ( ০৪ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এ নির্বাচনে মেয়র পদে উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম তালহা, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মোস্তফা খান রাজিব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় করবেন বলে তারা নিশ্চিত করেছেন। সকল প্রার্থী ইতোমধ্যেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রত্যাশা করছেন। একাধিক নেতাকর্মীরা বলছেন- এ ৬জন প্রার্থী ছাড়াও আরও দু’একজন প্রার্থী মনোনয়ন ক্রয়ের সম্ভাবনা রয়েছে।
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ এপ্রিল। যাচাই-বাছাই ১৯ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৬ এপ্রিল। ভোটগ্রহণের তারিখ ১৫ মে।
তাজুল ইসলাম বলেন, ২০১২ সালে এই পৌরসভা গঠন করা হয়। ২০১৩ সালের ১৮ মে এই পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। বাসাইল পৌরসভার মেয়াদ উন্নীত হওয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪০০। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৫ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৯২৫জন।
বাসাইলসংবাদ/একে




