
বাসাইল সংবাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
দাফনের তিন মাস পর বাসাইলে কবর থেকে এক বৃদ্ধার লাশ উত্তোলন করা হয়। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসানের উপস্থিতিতে ২৪ অক্টোবর(সোমবার) দুপুরে বাসাইল থানা পুলিশ উপজেলার ময়থা কবরস্থান থেকে লাইলী বেগম(৬৫)’র লাশ উত্তোলন করে।
পরে ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। লাইলী বেগম উপজেলার ময়থা নয়া পাড়ার মৃত নওশের আলীর স্ত্রী। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত ৩০ জুলাই সকালে লাইলী বেগমকে তার শয়নগৃহে মৃত অবস্থায় পাওয়া যায়। এসময় তার গৃহে লোহার গ্রিলের বাইরের দিক থেকে তালা লাগানো ছিল। পরে তার দুই ছেলে আহসান হাবিব ও মাসুদ রানার অনুপস্থিতে তাকে ময়থা কবরস্থানে দাফন করা হয়। লাইলী বেগমের সন্তানদের অভিযোগ তাকে হত্যা করে স্বর্ণালংকার লুটপাট করা হয়েছে । গত ১৬ আগস্ট নিহতের কন্যা হালিমা বেগম বাদি হয়ে লাইলী বেগমের জৈষ্ঠপুত্র মোখলেছুর রহমানের ছেলে রাব্বি (২৩) ও স্ত্রী জোৎস্না বেগম(৪৫)কে আসামী করে টাঙ্গাইলের বাসাইল অঞ্চল আদালতে মামলা দায়ের করলে আদালত ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের নির্দেশ দেয়। এব্যাপারে নিহতের ছেলে আহসান হাবিব বলেন, ঘটনার পর বাসাইল থানায় মামলা না নেয়ায় পরবর্তীতে টাঙ্গাইলের বাসাইল অঞ্চল আদালতে মামলা দায়ের করি। বাসাইল থানার ওসি(তদন্ত) ওসমান গনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে বুঝা যাবে এটি হত্যাকান্ড না স্বাভাবিক মৃত্যু।
বাসাইল সংবাদ/একে




