
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সুতার গোডাউনে আগুন লেগে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের হাবলা পূর্বপাড়া এলাকায় আইয়ূব মিয়ার সুতার গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। হাবলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য (মেম্বার ) রেজাউল করিম এ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্থ আইয়ূব একই এলাকার দক্ষিণপাড়ার বাসিন্দা।
আইয়ূবের পরিবার এবং স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আইয়ূব সুতা ক্রয়বিক্রয় করে আসছিলো। নিজ উপজেলাসহ পাশ^বর্তী মির্জাপুর, দেলুয়ার উপজেলায় ব্যবসায়িক মালামাল ক্রয়বিক্রয় করতো। প্রচুর চাহিদা থাকায় তার গোডাউনে ৫ লক্ষাধিক টাকার সুতা মজুদ রাখতো। শুক্রবার আরও ৩ লাখ টাকার সুতা কিনে গোডাউনে মজুদ করে সে। শনিবার রাত ১২টার দিকে কে বা কারা তার গোডাউনে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়দের ডাকচিৎকারে এলাকাবাসী আগুন নেভাতে এগিয়ে আসে। খবর পেয়ে বাসাইল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত আইয়ূব মিয়া বলেন, ‘আমার ব্যবসায় ইর্ষান্বিত হয়ে শত্রুরা পরিকল্পিতভাবে আমার গোডাউনে আগুন লাগিয়েছে। ওরা আমার ৯লাখ টাকার সুতা ও টিনের গুদামঘরটি পুড়িয়ে দিয়েছে। এখন আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।’
বাসাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইসতিয়াক আহমেদ বলেন, ‘স্থানীয়রা আগুন লাগার খবর দিলে দ্রæত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীদের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওই গোডাউনে ফায়ার সেফটি থাকলে ক্ষয়ক্ষতি আরও কম হতো বলে তিনি জানান।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘এ বিষয়ে এখনও কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’
…বাসাইলসংবাদ/ ০৬ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




