
বাসাইল সংবাদ: শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭:

এনায়েত করিম বিজয়:
শিশুশ্রমিক উজ্জল মিয়ার লেখা-পড়ার দায়িত্ব নিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন। উজ্জল মিয়া (৮) বাসাইল দক্ষিণপাড়ার ভ্যান চালক ফজলু মিয়ার ছেলে।

গত ২৮ মার্চ বাসাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের জন্য তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের কাজ করছিলেন শিশুশ্রমিক উজ্জল। জেলা প্রশাসক মাহবুব হোসেনের নজরে পড়ে শিশুটি। মাহবুব হোসেন নিজেই শিশুটিকে কাছে ডেকে নেন। শিশুটিকে বলেন তুমি পড় না, উত্তরে শিশুটি বললেন না, আমি পড়ি না। কেন তুমি পড় না, উত্তরে শিশুটি বলেন আমরা গরিব, বাপের কামাই কম, কি দিয়া পড়ব।

জেলা প্রশাসক মাহবুব হোসেন শিশুটির কথা শুনে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তারকে উজ্জ্বলের লেখা-পড়ার ব্যবস্থা ও তাকে যেন আর শিশুশ্রম না করতে হয় সে লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকলিমা চৌধুরীর উপস্থিতিতে উজ্জ্বলের স্কুলে ভর্তির বিষয়টি নিশ্চিত করে তাকে নগদ অর্থসহ নতুন পোশাক, বই-খাতা, পেন্সিল সরবরাহ করেন জেলা প্রশাসক।

গত ২৯ মার্চ উজ্জলকে বাসাইল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করেন উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার। শিশুশ্রমিক উজ্জল বাসাইল গালস স্কুল রোডের সুমন সাউন্ড সিস্টেমের দোকানে কাজ করতেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন বলেন, শিশুটিকে মাসিক হারে লেখাপড়ার খরচ প্রদান করা হবে।

তিনি আরো বলেন উজ্জ্বলের জীবন শিক্ষার আলো নিয়ে উজ্জ্বলতর থেকে আরো উজ্জ্বল হোক এই কামনা করি। শিশুশ্রম বন্ধ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তাই উজ্জ্বলের মতো আর কাউকে যেন শিশুশ্রম করতে না হয় সে লক্ষ্যে আসুন আমরা সকলেই সোচ্চার হই।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




