
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে মাটি ভরাটকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে ভাতিজাসহ ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার নাকাসিম গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নিলু সরকার (৪৮)। নিহতের পরিবার জানায়, সকালে বাড়িতে কোদাল দিয়ে মাটি ভরাটের কাজ করছিল নিলুর স্বজনরা। এ সময় তার ভাতিজা দীপক সরকার ও ভাতিজি জামাই সুবল সরকার তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে নিলু সরকারকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা নিলুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিলু সরকার সিএনজি চালিত অটোরিক্সা চালাতেন বলে জানা গেছে।
নিহতের স্ত্রী শ্রী সুন্দরী বলেন, সকালে বাড়িতে মাটি ভরাটের কাজ করার সময় দীপকসহ কয়েকজনে মিলে আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে। তিনি আরও বলেন আমরা হত্যাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।
এব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




