
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের দলীয় মনোনয়নে নামের তালিকা প্রেরণে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। বুধবার (১১ মে) দুপুরে বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে বাসাইল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম সংগ্রাম এই সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি লিখিত বক্তব্য এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা, জেলা আওয়ামী লীগসহ সংসদ সদস্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন।

রফিকুল ইসলাম সংগ্রাম বলেন, ওয়ার্ড এবং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মতিতে আমাকেসহ ১নং তালিকায় রেখে আরও তিনজনের নাম রেজুলেশন করে জমা দেয়া হয়। পরবর্তীতে আমার নাম বাদ দিয়ে জেলা আওয়ামী লীগেরর সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের ‘মাইম্যান’ বলে খ্যাত সোহেল মিয়াকে তালিকায় ১নং এ রেখে তিনজনের নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করেন। ব্যক্তিগত আক্রোশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করছেন।
তিনি এমন স্বেচ্ছাচারিতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের প্রকৃত ত্যাগী নেতাদের মনোনয়নের তালিকা প্রেরণ এবং মনোনয়ন দেবার জন্য আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ করেন।
বাসাইলসংবাদ/ ১২ মে, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




