
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও আতিকুর রহমান বুলবুল পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (১১মে) বিকেলে গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট আনোয়ার হোসেন সখীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এর আগে গত ৯ মে অপর দলীয় মনোনয়নপ্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল সংবাদ সম্মেলন করেন।
বুধবার বিকেলে দলীয় মনোনয়নপ্রত্যাশী আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে বলেন, গত ৯ মে অপর দলীয় মনোনয়নপ্রত্যাশী আমাকে ও আমার পরিবার এবং স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামকে জড়িয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন এর কোনোটিই সঠিক নয়। এটি ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন। সংবাদ সম্মেলনে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিন, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানসহ ওয়ার্ড, বিভিন্ন ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ১২ মে, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




