
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০২ আগস্ট, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষিদের শাস্তি ও নিরাপদ সড়কসহ ৯দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০২ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আশেকপুর বাইপাস গিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে সেখানেই অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন্ প্লে-কার্ড ও ফেস্টুন নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করতে থাকে তারা। প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

এতে করে মহাসড়কে চলাচলকারী সকল যানবাহন বন্ধ হয়ে যায়। রাস্তার দুপাশে দেখা দেয় দীর্ঘ যানজটের। এসময় শিক্ষার্থীরা গাড়ি থামিয়ে চালকদের বৈধ কাগজপত্র আছে কিনা দেখছে। তবে যানবাহন ভাংচুরের কোন খবর পাওয়া যায়নি।
পরে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিঞা ঘটনাস্থল পরিদর্শন করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি বলেন, যারা এ ঘটনার সাথে জড়িত ছিলো তাদের আটক করা হয়েছে। সেই সাথে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আর যেন এরকম কোন দুর্ঘটনা না হয় সে বিষয়ে আমরা প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করবো।
পরে পুলিশ প্রশাসন থেকে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। সেই সাথে তারা জানায় আগামী রোববারের মধ্যে তাদের ৯দফা দাবি না মানলে পুনরায় রাস্তায় নেমে আসার হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
বাসাইলসংবাদ/একে




