
নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার ইশ্তেহার পাঠের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইলে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এ আলোচনার আয়োজন করা হয়। শাজাহান সিরাজ ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রাবেয়া সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক, ইতিহাস খ্যাত চার খলিফার একজন নূর-ই-আলম সিদ্দিকী, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শেখ শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রেজাউল হক চৌধুরী মুশতাক, ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, একুশে পদকপ্রাপ্ত কবি ও সাবেক ছাত্রনেতা আল-মুজাহিদী প্রমুখ। এছাড়াও ভার্চুয়াল প্লাটফর্মে যোগদেন একাধিক আলোচক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘৩রা মার্চ শুধু স্বাধীনতার ইশ্তেহার পাঠের দিন নয়, এটি সেই দিন যে দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছাত্রজনতা প্রথম আনুষ্ঠানিকভাবে জাতির জনক অভিধায় অভিসিক্ত করেন। শাজাহান সিরাজসহ ইতিহাসখ্যাত চার খলিফার অবদান স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধে প্রকৃত ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। নতুন প্রজন্মকে জানানোর জন্য পাঠ্যসূচিতে ইশতেহার অন্তর্ভুক্ত করার দাবিও জানান তারা।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ৩রা মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে লক্ষ লক্ষ ছাত্র-জনতার সম্মুখে স্বাধীনতার ইশ্তেহার পাঠ করেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, অবিভক্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ। তিনি ২০২০ সালের ১৪ জুলাই মৃত্যুবরণ করেন।
বাসাইলসংবাদ/ ০৪ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




