
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে একটি ওয়ার্কশপ কর্মীর তিনবার করোনা পরীক্ষার পর অবশেষে তার করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহীউদ্দিন এতথ্যটি নিশ্চিত করেছেন।

আক্রান্ত ব্যক্তি উপজেলার অলোয়া ইউনিয়নের চরনিকলা গ্রামের বাসিন্দা। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬জনে।
ডা. মো. মহীউদ্দিন বলেন, ‘আক্রান্ত ব্যক্তি গাজীপুরে একটি ওয়ার্কশপে কাজ করতো। গত ৩ এপ্রিল গ্রামের বাড়ি চরনিকলাতে আসে। এরপরই তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ফলাফল নেগেটিভ আসে। এরপর টাঙ্গাইল থেকে পুনরায় তার নমুনা পরীক্ষা করা হলে সেখানেও নেগেটিভ আসে। তখন তিনি অসুস্থ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এরপর ঢাকা থেকে এসে ওই রোগী সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল হাসপাতালে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়ে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নাসরীন পারভীন বলেন, ‘আক্রান্ত ব্যক্তির বাড়িসহ ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট সেন্টারে পাঠানো হয়েছে।
এদিকে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টাঙ্গাইল সদর উপজেলায় একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গত, জেলায় একই পরিবারের পাঁচজনসহ করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪জনে। এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যেই ৪জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’
…বাসাইলসংবাদ/ ৩০ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




