
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০৬ মার্চ, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গালের সখীপুরে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ ছিল না ২২ মিনিট। সোমবার (৫মার্চ) বিকালে সখীপুর আবাসিক মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বক্তব্য শুরু করার ঠিক কয়েক মিনিট আগে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎবিহীন অবস্থায় জেনারেটরের মাধ্যমে মন্ত্রী বক্তব্য শুরু করেন ২২ মিনিট পরে বিদ্যুৎ বিতরণ সচল হয়। এসময় অনুষ্ঠান স্থলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মাঝে অস্থিরতা দেখা যায়। বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্যের শুরুতে বিদ্যুৎ চলে যাওয়া অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও দর্শকদের মাঝেও হইচই পড়ে যায়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, আমি বিদ্যুৎ মন্ত্রী হওয়ার পর থেকে যেখানেই যাই, প্রায় সব অনুষ্ঠানেই বিদ্যুৎ চলে যায়। আমার মনে হয় মানুষকে মনে করিয়ে দেয়া হয় যে, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত আছে।
তিনি আরোও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে গ্রাম মহল্লায় বিদ্যুতের লাইন দেয়া হয়েছে। চলতি বছরেই আরো ৩হাজার মেগা ওয়ার্ড বিদ্যুৎ যোগ করা হবে।
এ প্রসঙ্গে সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী জামানত আলী আকন্দ বলেন, টাঙ্গাইল গ্রিডে সমস্যার কারনে বিদ্যুৎ বিতরণ বন্ধ হয়ে যায়, পরে কালিহাতী গ্রিডের সাথে বাইপাস করে বিদ্যুৎ বিতরণ সচল করা হয়।
বাসাইলসংবাদ/একে




