
নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ আন্তঃস্কুল ও মাদরাসা ফুটবল টুর্ণামেন্ট খেলায় টাঙ্গাইলের সখীপুরের নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়কে আগামী এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অভিভাবক সদস্যের উস্কানিতে খেলা চলাকালীন সময়ে প্রতিপক্ষ দলের খেলোয়ারদের ওপর হামলা করার দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
জানা যায়, গত রবিবার আন্তঃস্কুল ও মাদরাসা ফুটবল টুর্ণামেন্ট খেলায় উপজেলার নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয় ও হতেয়া এইচ.এইচ.ইউ উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার দ্বিতীয়ার্ধে রেফারির সিদ্ধান্ত দিতে দেরি হওয়ায় নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান ও অভিভাবক সদস্য মামুন খানের উস্কানিতে ওই বিদ্যালয়ের খেলোয়ার সমর্থকরা হতেয়া এইচ.এইচ.ইউ উচ্চ বিদ্যালয়ের খেলোয়ারদের ওপর অর্তকিত হামলা করে। হামলায় চারজন আহত হয়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ অপরাধের দায়ে উপজেলা আন্তঃস্কুল ও মাদরাসা ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটি নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়কে আগামী এক বছরের জন্য নিষিদ্ধ করে। এরআগে একটি খেলায় গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমি উচ্চ বিদ্যালয়ের এক খেলোয়ার আহতের ঘটনায় সখীপুর থানায় মামলা করে।
বাসাইলসংবাদ/একেবি




