
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ে এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় অতিরিক্ত টাকার লোভে ইচ্ছে করে ফেল করানোর অভিযোগ উঠেছে। এঘটনায় পূণরায় তাদের খাতা মূল্যায়ণ করে ফরমপূরণের দাবিতে সড়ক অবরোধ ও প্রতিষ্ঠানের অফিসকক্ষে শিক্ষকদের তালাবদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা বাজারে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষকদের তালাবাদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা ও ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন এবং শিক্ষকদের মুক্ত করেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মোতাবেক তাদের খাতা পূণরায় মূল্যায়ণ করা হবে এমন আশ^াসে আন্দোলন তুলে নেয় শিক্ষার্থীরা।
জানা যায়, উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় নতুন ও পুরাতন মিলে ১০৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ১২জন নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য হয় এবং বাকি ৯৩ জনই এক থেকে একাধিক বিষয়ে অকৃতকার্য হয়। এতে করে ওই বিদ্যালয়ের ১২জন পরীক্ষার্থী বাদে বাকি ৯৩ জনের ফরম পূরণের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে অকৃতকার্য ৯৩ জন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা দিশেহারা হয়ে পড়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, নির্বাচনী পরীক্ষায় ১০৫ জন শিক্ষার্থী অংশ নিলেও প্রধান শিক্ষক অকৃতকার্যদের কাছ থেকে টাকা আদায়ের কৌশল হিসেবে মাত্র ১২জনকে পাশ করিয়েছেন। কোনো কোনো শিক্ষার্থী এক বা দুই নম্বর কম পেলেও তাদেরকে শুধু টাকা আদায়ের জন্য অকৃতকার্যের তালিকায় রেখেছে বলে অভিযোগ করে। এছাড়াও প্রধান শিক্ষক এসএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ৫০ জনের কাছ থেকে ফরম পূরণের কথা বলে ৮ থেকে ১০ হাজার করে টাকা নিয়েছেন বলেও অভিযোগ করে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া অভিযোগটি অস্বীকার করে বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক নয়। তাদের খাতা সঠিকভাবেই মূল্যায়ণ করা হয়েছে। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ফরম পূরণের জন্য নেয়া সকল টাকা ফেরত দেয়া হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেন, ‘প্রধান শিক্ষক ফরমপূরণের আশ্বাস দিয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে থাকলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’




