
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছে পাঁচ ব্যক্তি ও দু’টি প্রতিষ্ঠান। সখীপুর থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক সখীপুর বার্তা’ এ সম্মাননা প্রদান করে। শুক্রবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকাটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- সখীপুরের একমাত্র নারী মুক্তিযোদ্ধা ফাতেমা খাতুন, সফল বাবা দেওয়ান মাহবুবুর রহমান, খেলাধুলায় প্রেরণাদায়ী মা সাবিনা ইয়াসমিন, নারী শিক্ষা বিস্তারে বেগম সুফিয়া আখতার ও গুণী শিক্ষক আবুল হাশেম মিয়া।

এছাড়া সাহিত্য-সংস্কৃতি চর্চায় আবাহন ও স্বেচ্ছায় রক্ত দিয়ে মানবসেবা কার্যক্রমের জন্য ডিঅমস্ সংগঠনকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারের সভাপতিত্বে সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ ও চর্চাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, নাট্যজন আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সকাল থেকেই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান পত্রিকার সঙ্গে সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানাতে আসেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ‘বস্তুনিষ্ঠ সংবাদের প্রামাণ্য দলিল’ স্লোগানে সখীপুর বার্তা সংবাদপত্রটির যাত্রা শুরু হয়েছিল। হাঁটি হাঁটি পা পা করে তা আজ পঞ্চমবর্ষে পদার্পণ করেছে। প্রতিকাটির প্রকাশক ও সম্পাদকের দায়িত্বে রয়েছেন কালের কণ্ঠ’র সখীপুর প্রতিনিধি শাকিল আনোয়ার, উপ-সম্পাদক ইত্তেফাকের প্রতিনিধি মামুন হায়দার, বার্তা সম্পাদক বাংলাদেশের খবরের প্রতিনিধি সাইফুল ইসলাম সানি, অনলাইন ইন-চার্জ আলোকিত বাংলাদেশের প্রতিনিধি ইসমাইল হোসেন। প্রতিষ্ঠার চার বছরে ইতোমধ্যেই সাপ্তাহিকটি পাঠকের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।
…বাসাইলসংবাদ/১৫ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




