
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২০জুন, ২০১৯:

॥ জোবায়ের হোসেন ॥ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনে গত ২০মে সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বগ্রহণ করেছিলেন মো. মঈনুল হক। দায়িত্বগ্রহণের পর আজ বৃহস্পতিবার (২০ জুন) তার একমাস পূর্ণ হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে এসিল্যান্ড মঈনুল হক ৪৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। তিনি পরিবেশ, বালু মহাল ও জুয়াসহ বিভিন্ন অপরাধে ১১জনকে জেল ও অর্থদ- দিয়ে মোট ৯লাখ ৩৩ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করেছেন। এরমধ্যে গত তিন দিনে পরিবেশের জন্য হুমকী স্বরূপ ৫৭টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস করে সর্বমহলে হয়েছেন প্রশংসীত।
তিনি গত ১৬, ১৭ ও ১৯ জুন তিনটি অভিযান পরিচালনা করে ওই চুল্লিগুলো ধ্বংস করেছেন। সেই সাথে জব্দ করেছেন ৫ শতাধিক কয়লার বস্তা। এর মধ্যে গত বুধবার (১৮জুন) উপজেলার আজগানা ইউনিয়নের মাটিয়াখোলা ও খাটিয়ারহাট গ্রামে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে ১৫টি কয়লার চুল্লি ধ্বংস, ৪৫০টি কয়লার বস্তা জব্দ করেন। এ কাজে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার রাসেল (৩৬) কে দেড় লাখ টাকা জরিমানা করেন।
এরআগে ১৭ই জুন আজগানা ইউনিয়নের খালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৯টি কয়লার চুল্লি ধ্বংস ও ৫ বস্তা কয়লা জব্দ করে এসিল্যান্ড মঈনুল হক। এছাড়াও ১৬ই জুন উপজেলার পৌর সদরের বাওয়ার কুমারজানি গ্রামে অভিযান চালিয়ে তিনটি কয়লার চুল্লি ধ্বংস ও দেড় শতাধিক কয়লার বস্তা জব্দ করার পাশাপাশি একাজে জড়িত থাকার অভিযোগে আক্কাস আলী নামের এক ব্যক্তিকে তিন দিনের জেল দেন।
উপজেলার সচেতন মহল ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তার এমন গতিশীল কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানিয়েছেন।
বাসাইলসংবাদ-এর এই প্রতিবেদকের সাথে আলাপচারিতায় সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হক বলেন, সরকার আমাকে কাজ করতে পাঠিয়েছেন। আমি সেই দায়িত্বপালন করছি মাত্র। যতদিন মির্জাপুরে দায়িত্বপালন করবো ততদিন মির্জাপুরকে একটি আদর্শ মির্জাপুর হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে চাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক এসিল্যান্ড মঈনুল হকের প্রশংসা করে জানান, যোগদানের পর থেকেই তিনি অভিযান পরিচালনায় ব্যস্ত সময় পার করছেন। সবদিকে নজর রাখার পাশাপাশি উপজেলার কয়লার চুল্লির সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার নির্দেশনা দেওয়া আছে বলেও জানান তিনি।
বাসাইলসংবাদ/একেবি




