
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর অচেতন অবস্থায় কবরস্থানের পাশ থেকে শাহ্ আলম সরকার নামের এক আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের ভূঞাপুর উপজেলার ছাব্বিশা কবরস্থানের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

শাহ্ আলম সরকার জেলার ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আথাইল শিমুল গ্রামের আব্দুল মজিদ সরকারের (মন্টুর) ছেলে। তিনি লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
শাহ্ আলমের ভাই ওমর ফারুক বলেন, ‘গত ১৭ সেপ্টেম্বর সকালে ঘাটাইলের নিজ বাসা থেকে ভূঞাপুর ল্যাব ওয়ান ক্লিনিকে আসার জন্য রওনা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার দুইদিন পর মঙ্গলবার ভোরে অচেতন অবস্থায় ছাব্বিশা গ্রামের কবরস্থানের পাশ থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুইদিন তিনি কোথায় ছিলেন বা কেউ আটকে রেখেছিল কিনা বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাসাইলসংবাদ, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




