
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে দুইজনে মিলে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় গোলাম মোস্তফা নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। অপর আসামি ইসমাইল হোসেন পলাতক রয়েছে।

গ্রেফতারকৃত গোলাম মোস্তফা (৫০) উপজেলার অর্জুনা ইউনিয়নের দূর্গমচরঞ্চল বাসুদেবকোল গ্রামের সিরাজ আলীর ছেলে ও ইসমাইল হোসেন (৪০) একই গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পুলিশ ও ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর দুপুরে উপজেলার অর্জুনা ইউনিয়নে বাসুদেবকোল গ্রামের ইসমাঈল হোসেন ওই ছাত্রীকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় তার সাথে যোগ দেয় গোলাম মোস্তফা নামের আরও একজন। বাড়ি ফাঁকা থাকায় তারা দুজনে মিলে শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করে। এসময় কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়া হয় তাকে। পরে এক পর্যায়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে শিশুটি তার পেটে ব্যথা অনুভব করলে বাবা-মাকে বিষয়টি জানায়। এরপর দুপুরে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে গোলাম মোস্তফা ও ইসমাঈলের বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ‘চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গোলাম মোস্তফা ও ইসমাঈলের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি ইসমাঈলকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
বাসাইলসংবাদ/ ০৯ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




