
বাসাইলসংবাদ: রবিবার, ৯জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে বিয়ের একদিন পর আহসান হাবীব রোমান (৩০) নামের এক বর উধাও হয়েছেন। এদিকে নববধূ তার স্বামীর অপেক্ষায় শ্বশুরবাড়ীতে প্রহর গুনছেন। শনিবার (৮ জুন) উপজেলার উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি গ্রামের মজিবর রহমানের ছেলে।
কনেকে পছন্দ না করে ইচ্ছাকৃতভাবে নিখোঁজ হয়েছেন নাকি কেউ অপহরণ করেছে এ বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেনি তার পরিবার। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এঘটনায় রবিবার (৯ জুন) দুপুরে তার পরিবারের পক্ষ থেকে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ওই বরের পারিবারিক সূত্রে জানা যায়, আহসান হাবীব রোমান পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে বিয়ের প্রস্তুতিও ছিল তার। ঈদের দুইদিন পর গত শুক্রবার (৭ জুন) উপজেলার বহুরিয়া চতলবাইদ গ্রামের ফজলুল হক লিটনের মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। ওইদিনই কনেকে রোমানের বাড়িতে নিয়ে আসা হয়। এদিকে রোমান শনিবার (৮ জুন) সকাল থেকে নিখোঁজ হন।
রোমানের বাবা মজিবর রহমান বলেন, ‘শনিবার আমাদের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়েছিল। বাড়িজুড়ে আত্মীয়স্বজনে ভরে যায়। কিন্তু ওইদিন সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। সম্ভাব্য সকল জায়গায় তাকে খোঁজ করা হয়েছে। তাকে না পেয়ে পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়েছেন। পরে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, এঘটনায় রোমানের পরিবার একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছে।’
বাসাইলসংবাদ/একেবি




