
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০৪জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জন মিয়া (৪০) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার আদাজান উত্তরপাড়া এলাকায় সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। জন মিয়া দেলদুয়ার উপজেলার ইসলামপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
বাসাইল থানার ওসি এসএম তুহিন আলী জানান, জন মিয়া বুধবার সকালে তার বাড়ি থেকে ব্যাটারীচালিত অটোরিকশা নিয়ে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফিরেনি। সকালে তার স্বজনরা বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করে। পরে দুপুরে আদাজান উত্তরপাড়া সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় নিহতের অটোরিকশাটি সেখানে পাওয়া যায়নি। লাশ উদ্ধারের খবর পেয়ে জন মিয়ার ছেলে ও ভাই এসে তার লাশ সনাক্ত করেন।
ওসি আরও জানান, জন মিয়ার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




