
নিউজ ডেস্ক : কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘ভারতে পেঁয়াজের দাম ৬-৭ টাকা কেজি হতে পারলে, আমরা ২৫০ টাকা কেজি দরে খাব কেন? ৪-৫ দিনের মধ্যে পেঁয়াজের দাম ৪০ টাকা কেজি করতে হবে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে প্রতিবছর কৃষক শ্রমিক জনতা লীগ ভোট ডাকাতি দিবস হিসেবে পালন করে আসছে।
কাদের সিদ্দিকী বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বরে জনগণের ভোটের অধিকার হরণের কাছে ১৯৯৯ সালের ১৫ নভেম্বরের ভোটাধিকারের হরণ হেরে গেছে। উপর দিকে থুতু ফেললে নিজের গায়েই লাগে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে আমি কিছু বলতে চাই না।’
আবদুস ছবুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ




