
বাসাইলসংবাদ: রবিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৯:

নিউজ ডেস্ক : রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনাকে বড় ধরনের ঘটনার জন্য জঙ্গিদের ‘টেস্ট কেস’ হতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, পুলিশের ওপর হামলার ব্যাপারে জোরদার তদন্ত চলছে, আশা করি পুলিশ এই চক্রকে অনুসন্ধান করার ক্ষেত্রে সফল হবে।
তিনি বলেন, তাদের হয়তো ছোট ধরনের ঘটনা নিয়ে টেস্ট কেস হতে পারে। বড় ধরনের ঘটনা ঘটানোর জন্য। এই বিষয়ে সতর্কতা আছে।
মন্ত্রী বলেন, জঙ্গিরা নিশ্চিহ্ন হয়ে যায়নি। তারা দুর্বল হয়েছে হয়তো।
তিনি বলেন, মোটরযান আইনের নামে গুজব ছড়ানো হচ্ছে। এটাও তেমন একটা বিষয় কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
আসামের নাগরিকপঞ্জির বিষয়ে মন্ত্রী বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। এটা তাদের নিজস্ব বিষয়।
বাসাইলসংবাদ/একেবি




