
নিউজ ডেস্ক : সবশেষ দল-বদলে পিএসজি ছেড়ে বার্সেলোনায় যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন নেইমার। তারকা এই ফুটবলারকে দলে টানতে বেশ কয়েকবার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে কাতালান ক্লাবটি।

নেইমারকে থাকতে হচ্ছে প্যারিসেই। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড এবার পিএসজিকে জিতিয়ে জানিয়েছেন, ক্লাবটির জন্য জীবন জিতে প্রস্তুত তিনি।
লিগ ওয়ানের ম্যাচে শনিবার রাতে বোর্দোর মাঠে ১-০ গোলের জয় পায় পিএসজি। দ্বিতীয়ার্ধে দলের একমাত্র গোলটি করেন নেইমার। চলতি মৌসুমে এটা তার তৃতীয় গোল। নেইমারের নৈপুণ্যের পরও তার প্রতি কেমন জানি ক্ষোভ পিএসজির সমর্থকদের। ম্যাচ শেষে সমর্থকদের সেই ক্ষোভই প্রশমন করতে চাইলেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
“পিএসজিকে সহযোগিতা করতে পেরে আমি অনেক খুশি। ভালো লাগছে, সমর্থকদের খুশি করতে পেরে। সমর্থকদের ব্যাপারটা বান্ধবীর মতো। কোনো কোনো মুহূর্ত বাজে যায়। কিন্তু যখন বুকে টেনে নেয়, ভালোবাসে তখন অনেক ভালো লাগে।”
“পিএসজির জন্য জীবন দিতেই আমি এখানে। তারা আমার দল। আমার লক্ষ্য আমার ক্লাবকে সহযোগিতা করা। গোল করার ধারা অব্যাহত রাখা।”




