
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৯:

নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। প্রধান কোচের পাশাপাশি প্রধান নির্বাচক হিসেবেও দায়িত্বও পালন করবেন তিনি। সাবেক আরেক অধিনায়ক ওয়াকার ইউনিসকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানভিত্তিক গণমাধ্যম দ্য ডন’র প্রতিবেদনে জানানো হয়েছে, তিন বছরের চুক্তিতে কোচ ও প্রধান নির্বাচক হিসেবে যোগ দিচ্ছেন সাবেক এ অধিনায়ক। ওয়াকারের সঙ্গেও তিন বছরের চুক্তি হয়েছে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই কোচ হিসেবে যাত্রা শুরু হবে মিসবাহর।
মিসবাহর সঙ্গে পিসিবিতে কোচ পদে সাক্ষাৎকার দিয়েছিলেন মহসিন খান ও ডিন জোনসের মতো উঁচু মানের কোচরাও। কিন্তু মিসবাহর সাক্ষাৎকারেই খুশি হন তারা। যদিও শুরুতে পিএসএলের ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে পিসিবির দেওয়া সময়ের শেষ দিকে জাতীয় দলের কোচের পদের জন্য আবেদন করেন সাবেক এই অধিনায়ক।
প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়েছেন মিসবাহ-উল-হক। তিনি বলেন, ‘এটা আমার জন্য সম্মান ও গৌরবের বিষয়। সেই সঙ্গে বিপুল দায়িত্বেরও। আমি সব সময়ই ক্রিকেট নিয়েই থেকেছি। ক্রিকেটই আমার জীবন।’
ইংল্যান্ড বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থারকে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন কোচ নিয়োগে গঠন করা হয় পাঁচ সদস্যের একটি প্যানেল। সাবেক অধিনায়ক ও কোচ ইন্তিখাব আলমের নেতৃত্বে এ প্যানেলে ছিলেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার বাজিদ খান, পিসিবির সদস্য আসাদ আলী খান, পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান ও অন্যতম পরিচালক জাকির খান। মিসবাহকে প্রধান কোচের বিষয়ে প্যানেলের সিদ্ধান্তেরর বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানি দৈনিক দ্য ডন।
প্রধান কোচ হিসেবে চাপের বিষয়টি মাথায় রেখে মিসবাহ বলেন, ‘আমি জানি, প্রত্যাশার মাত্রা আকাশচুম্বী। তবে আমি দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত। যদি প্রস্তুতি না থাকত, তাহলে আমি কোনো দিনই এই কঠিন দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করতাম না।’
২০১১ সালে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হয়েছিলেন মিসবাহ। তাকে অনেকেই ইমরান খানের পর পাকিস্তান ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়কের স্বীকৃতি দেন।
তবে বোলিং কোচ হিসেবে অভিজ্ঞ ওয়কারকে পেয়ে দারুণ খুশি মিসবাহ। তিনি বলেন, ‘আমি ওয়াকার ভাইয়ের মতো একজন অভিজ্ঞ ও কিংবদন্তিকে সঙ্গী হিসেবে পেয়ে খুবই খুশি।’
বাসাইলসংবাদ/একেবি




