
নিজস্ব প্রতিবেদক : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে এবং জাতীয় সরকারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জেলা জেএসডি’র নেতারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মতিয়ার রহমান মতি, সাধারণ সম্পাদক শফীউল আলম, সহ-সভাপতি আমিনুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কদ্দুছ সিকদার, যুব পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক আব্দুর রৌফ প্রমুখ। এসময় মানববন্ধনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জেলা ও উপজেলার নেতৃবৃন্দ অংশ নেয়।
এরপর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্যে মতিয়ার রহমান মতি বলেন, আজকে যে আশা নিয়ে যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এ দেশটি স্বাধীন হয়েছিল। ৫০বছর পরেও সেই কথাই বলতে হচ্ছে। আমরা যেদিন পাকিস্থানের বিরুদ্ধে লড়াই করেছিলাম এই দেশের জনগণকে বাঁচানোর জন্য। ৫০বছর পার হলেও এ দেশের জনগণ শান্তিতে নেই। আজকে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের জীবন দুর্বিষহ করে তোলা হয়েছে। সীমাহীন দুর্নীতি করে বিদেশে পাচার করছে সরকার। দেশের জনগণকে বাঁচাতে হলে জাতীয় সরকারের দরকার বলে আমারা মনে করি।
বাসাইলসংবাদ/ ৩১ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




