
নিজস্ব প্রতিবেদক : বাতিঘর আদর্শ পাঠাগার আয়োজিত সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা-২০২২ ও স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (১ এপ্রিল) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোতালিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক আলী রেজা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের ডেপুটি ডিরেক্টর মো. সামছুল আলম শিবলী, সমাজসেবক কামাল হোসেন, বাতিঘর আদর্শ পাঠাগারের উপদেষ্টা হাজী কোরবান আলী মাস্টার, বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি শাহজাহান মিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন শুকুর মাহমুদ, হযরত আলী, সাইফুল ইসলামসহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
মোস্তফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান সোহাগ। সকাল ১০টায় পবিত্র কুরআন থেকে তিলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিদের জ্ঞানগর্ভমূলক বক্তব্যের পরে কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ৪ মার্চ আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রত্যেক শ্রেণি থেকে ৩ জন করে মোট ২১ জনসহ ১ জন যৌথ স্থান অধিকার করায় মোট ২২ জনকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়। স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগিতা (অনলাইন ভিত্তিক) সকলের জন্য উন্মুক্ত ছিলো। সেখানে সর্বোচ্চ উত্তরদাতা মোট ০৩ জনকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে কুইজ বিজয়ীদের পক্ষ থেকে দশম শ্রেণিতে প্রথমস্থান অধিকারী দিয়া রাণী কর্মকার তার অনুভূতি ব্যক্ত করেন।
বাসাইলসংবাদ/ ০১ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




