
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ত্রাণের দাবীতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার পোড়াবাড়ি এলাকায় ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে আশপাশের ৭-৮ গ্রামের লোকজন অংশ নেন।

ত্রাণের দাবীতে অবরোধকারীদের কাছে প্লাকার্ডে লেখা ছিলো- আমরা না খেয়ে আছি, আমাদের ত্রাণ দিন, আমাদের দয়া করুন না খেয়ে আছি, আমরা ক্ষুধার্থ আমাদের খেতে দিন, আমরা খেতে চাই আরো ইত্যাদি।
সড়ক অবরোধকারীরা বলেন, করোনাভাইরাসের কারণে আমরা কর্মহীন আর অসহায় হয়ে পড়েছি। তবে এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কোন ত্রাণ সহায়তা পায়নি। পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছি।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আলম ও দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ত্রাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এসময় তাৎক্ষণিক স্থানীয় পোড়াবাড়ি মাদ্রাসা মাঠে তাদেরকে নিয়ে তালিকা করা হয়। দ্রুত সময়ের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।
…বাসাইলসংবাদ/ ২৭ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




