
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে যৌনপল্লীতে বসবাসকারী যৌনকর্মীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া ৫৫০টি যৌনকর্মী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও শিশুদের জামা-কাপড় কেনার জন্য নগদ টাকা প্রদান করা হয়। রবিবার (২৫ এপ্রিল) দুপুরে যৌনপল্লী খ্যাত শহরের কান্দাপাড়া এলাকায় জেলা প্রশাসন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা লেডিস ক্লাবের উদ্যোগে সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে প্রান্তিক পর্যায়ের মানুষ সাময়িকভাবে কষ্টে রয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে যৌনকর্মীরাও রয়েছে। যৌনকর্মীসহ সকল শ্রেণী পেশার প্রান্তিক মানুষ যারা অর্থকষ্টে আছে তাদের জন্য সরকার মানবিক সহায়তা বরাদ্দ দিয়েছে। টাঙ্গাইলে ১৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদের আগে প্রায় ৭ লাখ মানুষের হাতে প্রধানমন্ত্রীর সহায়তা জনপ্রতিনিধিদের সাথে নিয়ে মানুষের হাতে পৌঁছে দেয়ার জন্য উদ্যোগ নেয়া হয়েছে।’
বাসাইলসংবাদ/ ২৬ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




