
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভার ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে শহরের ক্লাব রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এতথ্যটি নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান মোর্শেদকে গ্রেফতারের পর তার বাসা শহরের বিশ্বাস বেতকায় টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান মাহমুদ রাসেলের উপস্থিতিতে টাঙ্গাইল সদর থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এসময় তার বাসা থেকে ৬ রাউন্ড গুলিসহ দুইটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আজ আতিকুর রহমান মোর্শেদসহ কয়েকজনের বিরুদ্ধে নতুন করে আরেকটি চাঁদাবাজি মামলা হয়। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তার বাসায় অভিযান চালানো হয়। এসময় তার বাসা থেকে ৬ রাউন্ড গুলিসহ দুইটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অস্ত্র আইনেও তার বিরুদ্ধে মামলা হবে। ৭দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।’
বাসাইলসংবাদ/ ১৯ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




