
অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার মামলার শুনানির হাজিরা দিতে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) গিয়ে গ্রেপ্তার হন তিনি। এ সময় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার আইনজীবী।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, আদালত প্রাঙ্গণ থেকে ইমরান খানকে হেফাজতে নেন দেশটি আধাসামরিক রেঞ্জার্সের সদস্যরা। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক বিষয়টি নিশ্চিত করেন।
ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার আলি গোহার অভিযোগ করেছেন, রেঞ্জার্স সদস্যরা গ্রেপ্তারের সময় পিটিআই প্রধানকে নির্যাতন করেছেন। স্থানীয় মিডিয়াকে তিনি এমন অভিযোগ করেছেন।
তিনি দাবি করেছেন, ইমরান খানের মাথায় আঘাত করা হয়েছে এবং তিনি পায়েও আঘাত পেয়েছেন। গোহার জানান, ইমরান খানকে গ্রেপ্তারের সময় তিনি এবং আলি বুখারি সেখানে হাজির ছিলেন।
রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানান, আইএইচসি-এর গেটে প্রবেশের কিছুক্ষণের মধ্যে আধাসামরিক বাহিনীর দল ও সাঁজোয়া বাহিনী গাড়ি তার পেছন পেছন যায়। এরপর কড়া নিরাপত্তার অধীনে ইমরানকে আকস্মিক তুলে নেওয়া হয় এবং সাঁজোয়া যান দিয়ে আদালতের গেট বন্ধ করে দেওয়া হয়।
জিও নিউজ বলছে, পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেছেন। খবরে বলা হয়েছে, পিটিআই প্রধানকে আল-কাদির ট্রাস্ট মামলায় দেশটির রেঞ্জারস সদস্যরা হেফাজতে নিয়েছেন।
বাসাইলসংবাদ, ০৯ মে, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




