
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের গোপালপুরে বেত্রাঘাতে ছাত্রের দু’টি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগে জহুরুল ইসলাম জাবের নামের এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে তাকে আটক করা হয়। গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত জহুরুল ইসলাম উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহত বিদ্যুত ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও স্থানীয় এলাকার জামাল উদ্দীনের ছেলে। আহত বিদ্যুত বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মামলার বিবরণ ও আহত ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, বিদ্যুত ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তো। এক মাসের বকেয়া পাঁচশ টাকা পরিশোধ করতে না পারায় আগে থেকেই ক্ষিপ্ত ছিলেন ওই শিক্ষক। গত শনিবার এক বাহানায় উদ্দেশ্যমূলকভাবে তাকে নির্মমভাবে বেত্রাঘাত করা হয়। এসময় তার সামনের দুটি দাঁত ভেঙে যায়। এঘটনায় সোমবার সকালে বিদ্যুতের বাবা জামাল উদ্দীন বাদি হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে।
…বাসাইলসংবাদ/০৪ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




