
বাসাইলসংবাদ: শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর কিম্মত আলী গোলাম রব্বান খান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহকারি শিক্ষক মাওলানা জহুরুল ইসলাম খান ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাইহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে ওই বিদ্যালয়সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি শিক্ষকতা ছাড়াও কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের দুই বার ইউপি সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এলাকার সর্বস্তরের মানুষের কাছে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ও সাদা মনের মানুষ। শনিবার (১৫ সেপ্টেম্বর) বাদ জহুর জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
বাসাইলসংবাদ/একে




